মাদক চোরাচালান ঠেকাতে ভেনেজুয়েলা উপকূলে সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র
মাদক চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক পাচার প্রতিরোধে যথেষ্ট ব্যবস্থা নেননি—এমন অভিযোগ তুলে দেশটির উপকূলে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, দেশে মাদকের ‘বন্যা’ বন্ধ করতে মার্কিন শক্তির সব উপাদান ব্যবহার করতে প্রস্তুত ওয়াশিংটন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পও বলেন, “আমি মনে করি, যারা আমাদের দেশে মাদক আনে—আমরা কেবল তাদের হত্যা করব।”
অন্যদিকে মাদুরো দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তার দেশের প্রতি সবচেয়ে বড় আক্রমণের হুমকি দিচ্ছে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে।
তবে ভেনেজুয়েলায় সামরিক হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, আমাদের এমন কোনো পরিকল্পনা নেই।” ফলে তার আগের বক্তব্যের সঙ্গে এটি কিছুটা সাংঘর্ষিক মনে হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই বার্তা দিয়েছেন। মায়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে রুবিও এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “আপনার তথাকথিত সূত্র আপনাকে ভুয়া খবর লিখতে বাধ্য করেছে।”
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় মাদুরো সরকারের প্রতি রাশিয়া সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, “ভেনেজুয়েলার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া।”
সূত্র: আল-জাজিরা, রয়টার্স