রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক

favicon
অনলাইন সংস্করণ
আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক

সোমবার ভোরে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর।

ভূমিকম্পটি আঘাত হানে বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের কাছে, যা উত্তর আফগানিস্তানের অন্যতম বৃহত্তম শহর। স্থানীয় সময় রবিবার রাত ১টার দিকে (২০:৩০ জিএমটি) সংঘটিত এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (USGS)। সংস্থাটি সতর্ক করেছে, এ ঘটনায় “বড় ধরনের প্রাণহানি” ও “ব্যাপক ক্ষয়ক্ষতি” হতে পারে।

বালখ প্রদেশের এক কর্মকর্তা হাজি জায়েদ জানিয়েছেন, প্রদেশের বিভিন্ন জেলা থেকে সামান্য আহত ও হালকা ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অধিকাংশ মানুষ আতঙ্কে উঁচু ভবন থেকে পড়ে আহত হয়েছেন।

এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ বসবাস করে মাজার-ই-শরিফে। ভূমিকম্পের সময় বহু বাসিন্দা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় ছুটে আসেন।

তালেবান মুখপাত্র বালখ প্রদেশ থেকে এক্স (পূর্বে টুইটার)-এ একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায়, শহরের ঐতিহাসিক নীল মসজিদের চত্বরজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। এই মসজিদটি আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর একটি, যেটিকে প্রথম শিয়া ইমামের সমাধিস্থল বলে মনে করা হয়।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, পুলিশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টের শেষের দিকে আফগানিস্তানের পার্বত্য পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান।

সূত্র: রয়টার্স