রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইরানে ভয়াবহ পানিসংকট, দুই সপ্তাহেই শুকিয়ে যেতে পারে তেহরানের প্রধান জলাধার

ইরানে ভয়াবহ পানিসংকট, দুই সপ্তাহেই শুকিয়ে যেতে পারে তেহরানের প্রধান জলাধার

favicon
অনলাইন সংস্করণ
ইরানে ভয়াবহ পানিসংকট, দুই সপ্তাহেই শুকিয়ে যেতে পারে তেহরানের প্রধান জলাধার

ইরানের রাজধানী তেহরান মারাত্মক পানিসংকটে পড়েছে। দেশটির প্রধান জলাধার আমির কবির বাঁধ আগামী দুই সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম। খরার তীব্রতার কারণেই এই সংকট তৈরি হয়েছে।


রবিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, তেহরানের পানির সংস্থার পরিচালক বেহজাদ পারসা জানিয়েছেন—রাজধানীর পানীয় জলের উৎস হিসেবে থাকা পাঁচটি বাঁধের মধ্যে আমির কবির বাঁধে এখন মাত্র ১৪ মিলিয়ন ঘনমিটার পানি রয়েছে, যা এর মোট ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ।


তিনি বলেন, “বর্তমান পানির পরিমাণে তেহরানে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত পানি সরবরাহ চালানো সম্ভব।”

প্রায় এক কোটি জনসংখ্যার এই মহানগরী আলবোর্জ পর্বতমালার দক্ষিণ ঢালের নিচে অবস্থিত, যেখানে নদীগুলো সাধারণত তুষার গলনের পানি থেকে জলাধারগুলোতে পানি সরবরাহ করে থাকে।


কিন্তু এবার ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার সম্মুখীন। পারসা জানান, এক বছর আগেও এই বাঁধে ৮৬ মিলিয়ন ঘনমিটার পানি ছিল, অথচ এবছর বৃষ্টিপাত প্রায় ১০০ শতাংশ কমে গেছে।


ইরানি গণমাধ্যম বলছে, তেহরানের জনগণ প্রতিদিন প্রায় তিন মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করে। জল সাশ্রয়ের উদ্যোগ হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর পাশাপাশি গ্রীষ্মে পানি ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকার দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। তাপপ্রবাহ ও বিদ্যুৎ বিভ্রাট এখন প্রায় প্রতিদিনের ঘটনা।


রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, “বর্তমানে যে পরিমাণ জল সংকটের কথা বলা হচ্ছে, বাস্তবে পরিস্থিতি তার চেয়েও গুরুতর।”


সূত্র: এএফপি