রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বিহার বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ে বিস্মিত রাহুল গান্ধী, সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন

বিহার বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ে বিস্মিত রাহুল গান্ধী, সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন

favicon
অনলাইন সংস্করণ
বিহার বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ে বিস্মিত রাহুল গান্ধী, সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন

বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও মহাগঠবন্ধনের ভরাডুবির পর ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সরাসরি ভোট চুরির অভিযোগ না তুললেও তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাহুল গান্ধী লিখেছেন, “বিহারের লাখো ভোটার যারা মহাগঠবন্ধনের প্রার্থীদের ভোট দিয়েছেন— তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। আমরা এমন একটি নির্বাচনে জিততে পারিনি, যা শুরু থেকেই পুরোপুরি সুষ্ঠু ছিল না।”


তিনি আরও বলেন, “আমাদের লড়াই সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই। কংগ্রেস ও ইনডিয়া জোট এই ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করবে এবং গণতন্ত্র রক্ষার সংগ্রাম আরও জোরদার করবে।”


২৪৩ আসনের বিহার বিধানসভায় ভোটগ্রহণ হয়েছে দুই দফায়— প্রথম দফায় ৬ নভেম্বর ১২১টি এবং দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ১২২টি আসনে। দুই দফা মিলিয়ে ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ।


এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের মধ্যে। ফলাফলে দেখা যায়, ২৪২টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ২০২টি আসনে জয়, আর মহাগঠবন্ধন পেয়েছে ৩৫টি।


এনডিএর প্রধান শরিক বিজেপি জয় পেয়েছে ৮৯টি আসনে। জেডিইউ পেয়েছে ৮৫টি। লোক জনশক্তি পার্টি ১৯টি এবং আওয়াম মোর্চা পার্টি ৫টি আসনে বিজয়ী হয়েছে।


এদিকে আরজেডির ফল এবার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২০ সালে ৭৫টি আসনে জয় পেলেও এবার ১৪৩টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ২৫টিতে জিতেছে দলটি।


সূত্র: এনডিটিভি