২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ হওয়ার সম্ভাবনা জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা
২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
তিনি জানান, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হতে পারে এবং রমজান মাস ৩০ দিন চলতে পারে।
এই হিসাব সঠিক হলে প্রথম শাওয়াল, অর্থাৎ ঈদুল ফিতর, পড়বে শুক্রবার (২০ মার্চ)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমিরাতের চাঁদ দেখা কমিটি।
এদিকে আরব জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়, তবে আমিরাতে চার দিনের ছুটি ঘোষণা করা হতে পারে—১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে আবার স্বাভাবিক অফিস কার্যক্রম শুরু হবে।