রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › জাপানের সতর্কবার্তা: চীনে ভিড় এড়ানো ও অপরিচিতদের থেকে দূরে থাকার নির্দেশ

জাপানের সতর্কবার্তা: চীনে ভিড় এড়ানো ও অপরিচিতদের থেকে দূরে থাকার নির্দেশ

favicon
অনলাইন সংস্করণ
জাপানের সতর্কবার্তা: চীনে ভিড় এড়ানো ও অপরিচিতদের থেকে দূরে থাকার নির্দেশ

তাইওয়ান ইস্যু ঘিরে চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় চীনে অবস্থানরত জাপানি নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে টোকিও। ভিড়যুক্ত স্থান এড়ানো, বাইরে বের হলে পরিবেশ সতর্কভাবে পর্যবেক্ষণ করা এবং অপরিচিত ব্যক্তিদের থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বলেন, সাম্প্রতিক কিছু কূটনৈতিক ঘটনার পর চীনা গণমাধ্যম জাপানবিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। এর ফলে চীনে জাপানি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হওয়ায় এই সতর্কতা দেওয়া হয়েছে।


উত্তেজনার সূত্রপাত ঘটে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে—যেখানে তিনি বলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় এবং তা জাপানের নিরাপত্তা হুমকির মুখে ফেলে, তবে জাপান সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। এই মন্তব্যের পর দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়।


চীনে অবস্থিত জাপানি দূতাবাস নাগরিকদের উদ্দেশে জানায়—স্থানীয় আইন ও রীতি মেনে চলুন, চীনা নাগরিকদের সঙ্গে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করুন এবং একা ভ্রমণ থেকে বিরত থাকুন। সন্দেহজনক কোনো ব্যক্তি বা পরিস্থিতি দেখলে দ্রুত সরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।


এদিকে উত্তেজনার প্রভাব পড়ে সাংস্কৃতিক অঙ্গনেও। চীন সতর্কতার অংশ হিসেবে দুইটি জাপানি সিনেমার প্রদর্শনী স্থগিত করেছে—ক্রেয়ন শিন-চ্যান: সুপার হট এবং সেলস অ্যাট ওয়ার্ক। চীনের দাবি, দর্শকদের বিরূপ মনোভাবের কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।


তাইওয়ান ভৌগোলিকভাবে জাপানের খুব কাছে এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হওয়ায় জাপান বিষয়টিকে কৌশলগত গুরুত্ব দিয়ে দেখে। এছাড়া জাপানেই রয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি সামরিক ঘাঁটি, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।


জাপানের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সরকারকে উত্তেজনা কমাতে কূটনৈতিক সংলাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, জাপান শান্ত থাকতে চেষ্টা করছে; তবে মন্তব্য প্রত্যাহার না করায় চীন পরিস্থিতিকে কঠোরভাবে দেখছে। বর্তমানে দুই দেশ অত্যন্ত সংবেদনশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।