রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › শেখ হাসিনার মৃত্যুদণ্ডে জাতিসংঘের গভীর দুঃখ প্রকাশ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে জাতিসংঘের গভীর দুঃখ প্রকাশ

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে জাতিসংঘের গভীর দুঃখ প্রকাশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশে গভীর দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার রাতে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন—জাতিসংঘ সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের কঠোর বিরোধিতা করে।


রাভিনা শামদাসানি জানান, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যে রায় দিয়েছে, তা গত বছর বিক্ষোভ দমনে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।


তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের তথ্য-উপাত্তভিত্তিক প্রতিবেদন প্রকাশের পর থেকেই নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ সব দায়ীকে আন্তর্জাতিক মানদণ্ডে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায়সঙ্গত প্রতিকার ও ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।


শামদাসানি আরও বলেন, এই মামলার বিচারপ্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ না করলেও জাতিসংঘ সব সময়ই আন্তর্জাতিক অপরাধের মামলায় ন্যায়সঙ্গত বিচার, যথাযথ প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার মান অনুসরণের ওপর জোর দেয়। বিশেষ করে আসামির অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিত করা আরও বেশি প্রয়োজন।


তিনি জানান, মৃত্যুদণ্ড বিষয়ে জাতিসংঘের অবস্থান পরিষ্কার—যেকোনো পরিস্থিতিতে এ শাস্তির বিরোধিতা করা হয়।


জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের একটি সমন্বিত পথ অনুসরণ করে জাতীয় পুনর্মিলনের দিকে এগিয়ে যাবে। এ প্রক্রিয়ায় নিরাপত্তা খাতের রূপান্তরমূলক সংস্কার জরুরি, যাতে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন আর না ঘটে। এই প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত বলেও জানান তিনি।


রাভিনা শামদাসানি আরও বলেন, হাইকমিশনার সবাইকে সংযম প্রদর্শন এবং পরিস্থিতির প্রতিক্রিয়ায় শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।