রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায় সম্পর্কে অবগত এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।


১৭ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়—


“ভারত বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় সম্পর্কে অবগত।


নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আমরা সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।”


এর আগে, সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।


এছাড়াও একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।