রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রুশ আগ্রাসন বন্ধে কূটনীতি পুনরুজ্জীবিত করতে বুধবার তুরস্কে যাচ্ছেন জেলেনস্কি

রুশ আগ্রাসন বন্ধে কূটনীতি পুনরুজ্জীবিত করতে বুধবার তুরস্কে যাচ্ছেন জেলেনস্কি

favicon
অনলাইন সংস্করণ
রুশ আগ্রাসন বন্ধে কূটনীতি পুনরুজ্জীবিত করতে বুধবার তুরস্কে যাচ্ছেন জেলেনস্কি


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসন বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বুধবার তুরস্ক সফর করবেন। ইউক্রেনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


জেলেনস্কি জানিয়েছেন, তিনি স্থগিত হয়ে যাওয়া শান্তি আলোচনা আবার শুরু করতে চান। এ বছর ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের মধ্যে বেশ কয়েকটি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই প্রক্রিয়া থমকে আছে। মস্কো যদিও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, উল্টো ফ্রন্টে তারা অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের শহরগুলোতে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।


এএফপিকে দেওয়া তথ্য অনুসারে, ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার আঙ্কারায় জেলেনস্কি তার তুর্কি প্রতিপক্ষ রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। এই সফরের ‘প্রধান লক্ষ্য হলো মার্কিনদের পুনরায় শান্তি প্রচেষ্টায় যুক্ত করা।’


কিয়েভ আশা করছে যে, ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন উপায়ে রাশিয়াকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারবে। বৈঠকের প্রস্তুতিতে যুক্ত ইউক্রেনের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন দূত স্টিভ উইটকফ তুরস্কে জেলেনস্কির সঙ্গে আলোচনায় যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


অন্যদিকে, ক্রেমলিন নিশ্চিত করেছে যে বুধবার তুরস্কে অনুষ্ঠিত আলোচনায় কোনো রুশ কর্মকর্তা উপস্থিত থাকবেন না। তবে তারা যোগ করেছে, ইউক্রেন যুদ্ধ সমাধানে আলোচনার জন্য মস্কো এখনও উন্মুক্ত।


এদিকে, মার্কিন আইনপ্রণেতারা রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়কারী সব দেশের ওপর শুল্ক আরোপের মাধ্যমে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করার জন্য একটি বিল নিয়ে কাজ করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, এই আইন প্রণয়নে 'আমার কোনো আপত্তি নেই।'