রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › জাপানের ওইতায় ভয়াবহ আগুনে ১৭০+ ভবন পুড়ে ছাই

জাপানের ওইতায় ভয়াবহ আগুনে ১৭০+ ভবন পুড়ে ছাই

favicon
অনলাইন সংস্করণ
জাপানের ওইতায় ভয়াবহ আগুনে ১৭০+ ভবন পুড়ে ছাই

দক্ষিণ জাপানের উপকূলীয় একটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। আগুন মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্তও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলায় স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, অন্তত ১৭৫ বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এখনো একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তবে আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি; তদন্ত চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওইতা প্রিফেকচারের অনুরোধে সামরিক বাহিনীর একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

স্থানীয় টিভি চ্যানেলগুলোর আকাশ থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে—পাহাড়ঘেরা উপকূলীয় শহরটিতে সারি সারি বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর শহরের ওপর বিশাল ধোঁয়ার স্তম্ভ উঠছে। আগুন আশপাশের বনাঞ্চলীয় ঢালেও ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

সমুদ্রতীরবর্তী সাগানোসেকি শহরটি জনপ্রিয় মাছ ধরার বন্দর এবং উচ্চমানের ম্যাকারেল উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত।