রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নেপালে জেন-জি বিক্ষোভে সহিংসতা, কারফিউ জারি—তবুও বিক্ষোভ অব্যাহত

নেপালে জেন-জি বিক্ষোভে সহিংসতা, কারফিউ জারি—তবুও বিক্ষোভ অব্যাহত

favicon
অনলাইন সংস্করণ
নেপালে জেন-জি বিক্ষোভে সহিংসতা, কারফিউ জারি—তবুও বিক্ষোভ অব্যাহত

নেপালে সেপ্টেম্বরের প্রাণঘাতী ‘জেন-জি’ বিক্ষোভের পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে ক্ষমতাচ্যুত শাসকদলের অনুগতদের নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। তবে কারফিউ উপেক্ষা করেই বিক্ষোভ অব্যাহত রয়েছে।


বারা জেলার সিমরা এলাকায় বুধবার জেন-জি বিক্ষোভকারীদের র্যালি এবং সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলের সমর্থকদের পাল্টা সমাবেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রশাসন বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ জারি করে। এছাড়া ওই জেলায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।


সংঘর্ষের সময় ঘটনাস্থল বিমানবন্দরের কাছ পর্যন্ত বিস্তৃত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেপাল পুলিশ ছয়টি টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে এবং আকাশে সতর্কতামূলক দুটি গুলি ছোড়ে। সিমরা এলাকায় সশস্ত্র বাহিনী ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এবং কেউ গুরুতর আহত হয়নি। তবে সিমরার পুলিশ অফিসার ডিএসপি বেদ প্রকাশ জোশি জানান, সংঘর্ষে অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন, যার মধ্যে তিনিও রয়েছেন। জেন-জি আন্দোলনের সমন্বয়ক সম্রাট উপাধ্যায় দাবি করেছেন, পুলিশের লাঠিচার্জে তাদের দুই কর্মী আহত হয়েছে।


পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সব পক্ষকে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক উসকানি থেকে বিরত থাকতে এবং ৫ মার্চ ২০২৬ সালের নির্বাচনের আগে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখতে আহ্বান জানান। বুধবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।


কার্কি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের নিরাপদ চলাচল এবং নির্বাচনের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে তিনি বুধবার ১১০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে এবং দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের মাধ্যমে নেপালকে এগিয়ে নিতে হবে।


সূত্র: এনডিটিভি, কান্তিপুর