পাকিস্তানে আঠা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জন নিহত, দগ্ধ-আহত ৭
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আঠা তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বিস্ফোরণের পর কারখানাটি ধসে পড়ে এবং আশপাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ায় হতাহতের সংখ্যা বাড়ে।
নিহতদের বেশিরভাগই কারখানার আশপাশের বাড়ির বাসিন্দা, যার মধ্যে ছয়জন শিশু রয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে লাহোরের ফয়সালাবাদের ওই গ্লু ফ্যাক্টরিতে আগুন লাগার পর গুদামের রাসায়নিক থেকে গ্যাস লিক হয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানান ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার।
ঘটনার পর কারখানার ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মালিক দুর্ঘটনার পরই পালিয়ে যান; তাকে ধরতে অভিযান চলছে। বিস্ফোরণের শক্তি এতটাই তীব্র ছিল যে কারখানার পাশাপাশি আশেপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায় এবং তিনটি বাড়িতে আগুন ধরে যায়।
উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের বের করে আনে। আহত সাতজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।