গাজায় ফের ইসরায়েলি আগ্রাসন: শিশুসহ নিহত ২৪
যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) পরিচালিত ধারাবাহিক বিমান হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি। আহত হয়েছে আরও অন্তত ৮৭ জন।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইসরায়েলি বাহিনী গাড়ি, আশ্রয়কেন্দ্র, আবাসিক ভবন থেকে শুরু করে নুসেইরাত শরণার্থী শিবির, দেইর আল বালাহ এবং গাজা সিটিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালায়।
শুধু গাজা সিটিতেই নিহত হয়েছে ১১ জন, আহত অন্তত ২০ জন। দেইর আল বালাহতে একটি বাড়িতে হামলার পর বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়। নুসেইরাত শরণার্থী শিবিরেও আবাসিক ভবনে আঘাত হানে ইসরায়েলি বিমান।
তেলআবিবের দাবি—হামাস সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল, তাই তারা পাল্টা অভিযান পরিচালনা করেছে। পাশাপাশি হামাসের পাঁচজন সিনিয়র নেতাকে হত্যারও দাবি করেছে ইসরায়েল।
প্রসঙ্গত, ১০ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এ সময় প্রাণ হারিয়েছে অন্তত ৩৪২ জন ফিলিস্তিনি।