অস্ট্রেলিয়ার সৈকতে হাঙরের আক্রমণ: তরুণীর মৃত্যু, একজন গুরুতর আহত
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত কাইলিস সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক তরুণ গুরুতর আহত হন। সিডনি থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত ক্রাউডি বে ন্যাশনাল পার্কের এই সৈকতে বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স বিশের কোঠায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত তরুণের বয়সও একই বয়সসীমায় বলে ধারণা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে করে নিউক্যাসলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা দল। কর্তৃপক্ষ বিশেষভাবে এক প্রত্যক্ষদর্শীর প্রশংসা করেছে, যিনি প্যারামেডিকরা পৌঁছানোর আগেই আহত তরুণের পায়ে অস্থায়ীভাবে টর্নিকেট বেঁধে দেন, যা তার জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঘটনার পর সৈকত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। হাঙরের প্রজাতি শনাক্তে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে এবং এলাকাজুড়ে স্মার্ট ড্রামলাইন স্থাপন করা হচ্ছে। এছাড়া ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে এবং আশপাশের সৈকতগুলোও অন্তত ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে সার্ফ লাইফ সেভিং নিউ সাউথ ওয়েলস।
সংগঠনটির প্রধান নির্বাহী স্টিভ পিয়ার্স এই ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে নিহত ও আহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি সবাইকে সতর্ক থাকার এবং লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
চলতি বছরে অস্ট্রেলিয়ায় এটি পঞ্চম প্রাণঘাতী হাঙর আক্রমণ। কয়েক মাস আগেও সিডনির উত্তরাঞ্চলে এক বিরল হাঙর আক্রমণে একজনের মৃত্যু হয়েছিল।
সূত্র: বিবিসি