ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ভিত্তিহীন: আদিয়ালা কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ জানায়—ইমরান খানকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়নি, তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং নিয়মিত চিকিৎসা পাচ্ছেন। কর্তৃপক্ষের দাবি, তার অসুস্থতা বা মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া।
বুধবার রটে যায়, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে গোপনে ইমরান খানকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এর আগে পাকিস্তান সরকার এক মাসেরও বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে। এসবের মধ্যে ইমরানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তার দল ও সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ে।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, ইমরানের জন্য পাঁচ তারকা হোটেল মানের খাবার সরবরাহ করা হয়। কারাগারে তার জন্য টেলিভিশন, পছন্দমতো চ্যানেল দেখার সুযোগ, ব্যায়ামের সরঞ্জাম এবং ডাবল বেডের ব্যবস্থাও রয়েছে।
সূত্র: জিও টিভি