ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্য হত্যার পর যুক্তরাষ্ট্রে সব আশ্রয় সিদ্ধান্ত স্থগিত
ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্র আশ্রয় (অ্যাসাইলাম) সংক্রান্ত সব সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো।
শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে এডলো জানান, বিদেশিদের সর্বোচ্চ পর্যায়ের যাচাই-বাছাই নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের এই বিরতি চলবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘থার্ড ওয়ার্ল্ড’ দেশগুলো থেকে সব অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে চান, যদিও কোন কোন দেশ এতে অন্তর্ভুক্ত হবে তা স্পষ্ট করেননি।
সম্প্রতি ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার পর ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান দেখা যাচ্ছে। অবৈধ অভিবাসীদের গণহারে বহিষ্কার, শরণার্থী গ্রহণ কমানো এবং জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্ব সীমিত করার মত পদক্ষেপও বিবেচনায় রয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটির নির্দেশনায় ইউএসসিআইএস কর্মকর্তাদের কোনো আশ্রয় আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান বা বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পর্বে পৌঁছালে কাজ থামিয়ে দিতে হবে।
বৃহস্পতিবার ট্রাম্প আরও জানান, হামলায় আহত এক নারী ন্যাশনাল গার্ড সদস্য পরে মারা গেছেন। হামলার জন্য অভিযুক্ত আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়াল ২০২১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন বিশেষ অভিবাসন কর্মসূচির আওতায়, যেখানে আফগানিস্তানে মার্কিন বাহিনীর সঙ্গে সহযোগিতা করা ব্যক্তিদের সুরক্ষা দেওয়া হয়।
সিএনএন ও সিআইএর কর্মকর্তারা জানিয়েছেন, লাখানওয়ালকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় এবং সিআইএর সঙ্গে কাজ শুরু করার সময় উভয় পর্যায়েই যাচাই-বাছাই করা হয়েছিল। পরিচিতরা জানান, তিনি তার ইউনিটের সঙ্গে কাজের পর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। তিনি ২০২৪ সালে আশ্রয় আবেদন করেছিলেন, যা ট্রাম্প ক্ষমতায় ফেরার পর অনুমোদিত হয়।
এদিকে ইউএসসিআইএস জানিয়েছে, তারা ১৯টি দেশের অভিবাসীদের গ্রিন কার্ড পুনঃপর্যালোচনা করবে। যদিও সংস্থাটি সরাসরি হামলার প্রসঙ্গ উল্লেখ করেনি, বিবিসির প্রশ্নে তারা হোয়াইট হাউসের আগের ঘোষণার দিকে ইঙ্গিত করে, যেখানে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া ও ভেনিজুয়েলার নাম ছিল। পুনঃপর্যালোচনা কীভাবে হবে, তা নিয়ে বিস্তারিত এখনো জানানো হয়নি।
সূত্র : বিবিসি