সুমাত্রায় বন্যা ও ভূমিধসে মৃত ২৪৮, এখনও বহু মানুষ নিখোঁজ
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ জনে। টানা মৌসুমি বৃষ্টি ও শক্তিশালী ট্রপিক্যাল ঝড়ের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন, হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং উদ্ধার কাজ কঠিন হয়ে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ১০০-এর বেশি মানুষ এখনো নিখোঁজ এবং শত শত মানুষ আহত হয়েছেন।
উত্তর সুমাত্রার পাহাড়ি গ্রামগুলোতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও সড়ক ধস, সেতু ভেঙে পড়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতায় বাধা তৈরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত জেলা কেন্দ্রীয় তাপানুলি এবং আশপাশের এলাকায় রিলিফ বিমান ও জরুরি সরঞ্জাম পাঠানো হচ্ছে। চলমান প্রাকৃতিক দুর্যোগ শুধু মানুষের জীবনই নয়, অঞ্চলের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থাকেও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম ধীরে এগোলেও দুর্গত মানুষদের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।