উত্তর গোয়ায় জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুনে ২৩ জনের মৃত্যু
ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও স্থানীয় কর্মকর্তারা রোবিবার (৭ ডিসেম্বর) ভোরে গণমাধ্যমকে এই তথ্য জানান। নিহতদের মধ্যে ৩–৪ জন পর্যটক এবং বাকিরা নাইটক্লাবের কর্মী বলে নিশ্চিত করেছেন তারা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত আনুমানিক ১টার দিকে আগুন লাগে। শুরুতে পুলিশের ধারণা ছিল নাইটক্লাবের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে গোয়ার পুলিশ মহাপরিচালক পরে জানান, পরিদর্শনে সব সিলিন্ডার অক্ষত পাওয়া গেছে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা অনেকেই বের হওয়ার সুযোগ পাননি।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। রাতভর চলেছে উদ্ধার অভিযান, আর শনাক্তকরণে কাজ করছে কর্তৃপক্ষ।
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক্সে (টুইটার) লিখেছেন, “আজ গোয়ার জন্য অত্যন্ত দুঃখের দিন। আরপোরায় ভয়াবহ আগুনে ২৩ জন প্রাণ হারিয়েছেন।” তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেন এবং বলেন— যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, তিনজন সরাসরি দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।