উত্তর-পূর্ব জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প: আহত অন্তত ৩০, নিরাপদ স্থানে সরে গেছে হাজারো মানুষ
উত্তর-পূর্ব জাপানে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি হলেও কিছুক্ষণ পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। উপকূলে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গেছে।
কম্পনের কারণে কয়েকটি ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যায় এবং হাজারো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। আওমোরি প্রিফেকচার সরকারের তথ্য অনুযায়ী, এখনো প্রায় ২,৭০০ বাড়ি বিদ্যুৎহীন রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও শক্তিশালী আফটারশক হতে পারে, তাই অন্তত এক সপ্তাহ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আহ্বান জানিয়ে বলেন, “প্রতিদিনের ভূমিকম্প প্রস্তুতি যাচাই করে নিন—আসবাবপত্র শক্ত করে স্থাপন করুন এবং কম্পন অনুভব করলে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।”
রয়টার্সের খবরে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রায় ৯০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি উত্তর-পূর্ব উপকূলীয় কয়েকটি রুটে ট্রেন চলাচল স্থগিত করেছে।