রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইন্দোনেশিয়ায় ড্রোন সংস্থার কার্যালয়ে আগুন, জাকার্তার বহুতল ভবনে ২০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ড্রোন সংস্থার কার্যালয়ে আগুন, জাকার্তার বহুতল ভবনে ২০ জনের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২০ জনে। মঙ্গলবার (আজ) বিকেলে স্থানীয় কর্তৃপক্ষ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।


সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাত্যো পুরনোমো কন্দ্রো সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ভবনের ভেতরে আর কোনো সম্ভাব্য নিহত ব্যক্তি বা ধ্বংসাবশেষ আছে কি না, তা খুঁজে দেখার চেষ্টা অব্যাহত রয়েছে।


কন্দ্রো জানান, স্থানীয় সময় দুপুরের দিকে ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, দুর্ঘটনার সময় ভবনের কিছু কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আর অনেকে অফিস থেকে চলে গিয়েছিলেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে বলে তিনি নিশ্চিত করেন।


কন্দ্রো বলেন, "বর্তমানে আমরা মূলত নিহতদের উদ্ধার এবং আগুন সম্পূর্ণরূপে ঠান্ডা করার কাজেই মনোযোগ দিচ্ছি।"


জানা গেছে, এই ভবনটি ছিল টেরা ড্রোন ইন্দোনেশিয়া (Terra Drone Indonesia) নামক একটি সংস্থার কার্যালয়। সংস্থাটি খনি থেকে কৃষি খাত পর্যন্ত বিভিন্ন গ্রাহকের জন্য আকাশপথে জরিপ কার্যক্রমে ব্যবহৃত ড্রোন সরবরাহ করে থাকে।


কম্পাস টিভিতে প্রচারিত মর্মান্তিক ফুটেজে দেখা যায়, ডজনেরও বেশি দমকলকর্মী ভবনের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন। উদ্ধারকর্মীদের মৃতদেহের ব্যাগ বহন করে ভবনটি থেকে বেরিয়ে আসতেও দেখা যায়। এ ছাড়া, কিছু শ্রমিককে ভবনের উঁচু তলা থেকে বহনযোগ্য মই ব্যবহার করে নেমে এসে জীবন বাঁচাতে দেখা গেছে।