ভেনেজুয়েলা উপকূল থেকে যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাংকার জব্দ: ওয়াশিংটনের বিরুদ্ধে ‘জলদস্যুতা’র অভিযোগ কারাকাসের
ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কোস্টগার্ডের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে নৌযানটি আটক করা হয়। স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, ভেনেজুয়েলার উপকূলে আটক করা এই ট্যাংকারটি এখন পর্যন্ত জব্দ হওয়া নৌযানগুলোর মধ্যে সবচেয়ে বড়। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি মন্তব্য করেন। অভিযানটিতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টার, কোস্টগার্ডের ১০ জন সদস্য, ১০ জন মেরিন ও বিশেষ বাহিনীর কয়েকজন সদস্য। অভিযানের একটি ভিডিওও প্রকাশ করেছে ওয়াশিংটন।
অভিযোগ রয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে ইরানে যাচ্ছিল ‘দ্য স্কিপার’ নামের ট্যাংকারটি। তবে নৌযানটির মালিকানার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।
এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটির কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র শামিল। কারাকাসের অভিযোগ, ওয়াশিংটনের প্রতিটি পদক্ষেপই ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ। এর আগেও দেশটি অভিযোগ তুলেছিল যে, যুক্তরাষ্ট্র তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।