স্মরণসভা থেকে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নার্গিস মোহাম্মদি আটক
২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে মারধরের পর গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার তাকে মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন তার সমর্থকরা।
নার্গিস মোহাম্মদি মাশহাদ শহরে আলিকোর্দির শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। সেখানেই তাকে অন্যান্য মানবাধিকারকর্মীদের সঙ্গে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন তার ভাই এবং নার্গিস ফাউন্ডেশন। উল্লেখ্য, গত সপ্তাহে মোহাম্মদির কার্যালয়ে খসরো আলিকোর্দিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নার্গিস ফাউন্ডেশন এক বিবৃতিতে নার্গিস মোহাম্মদিসহ গ্রেপ্তার হওয়া সব মানবাধিকারকর্মীর অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নার্গিস মোহাম্মদি ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন এবং মানবাধিকার রক্ষায় ভূমিকার জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।