রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দক্ষিণ সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে হামলা: ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত আট

দক্ষিণ সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে হামলা: ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত আট

favicon
ভোরের আলো ডেস্ক:
দক্ষিণ সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে হামলা: ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত আট

দক্ষিণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। সেখানে সংঘর্ষ চলমান রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


আইএসপিআর জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টা ৫৬ মিনিটে পাওয়া তথ্যে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। রাত ১০টা ২০ মিনিটে আইএসপিআর পরিচালক লে. কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, পরিস্থিতি এখনও উত্তপ্ত থাকায় নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানের দক্ষিণাঞ্চলীয় কর্ডোফান এলাকায় জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হন। স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। দেশটির সরকার এক বিবৃতিতে হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে।


শোক ও নিন্দা

হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পৃথক বিবৃতিতে তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে আহত শান্তিরক্ষীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট কন্টিনজেন্টকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে।


তারেক রহমান এক ফেসবুক পোস্টে বলেন, জাতিসংঘের পতাকাতলে বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী বাংলাদেশি সেনারা জাতির গর্ব। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও নিহতদের জন্য শোক প্রকাশ করেন।


বাংলাদেশের শান্তিরক্ষা অবদান

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছে। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা ৬৩টি মিশনে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৬৮ জন সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২৭২ জন। বর্তমানে ১০টি জাতিসংঘ মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাঁচ হাজার ৬১৯ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।