লুকাশেঙ্কোর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর বেলারুশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, মুক্তি পেল ১২৩ বন্দি
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর মিনস্কের পটাশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা শিথিলের পর অন্তত ১২৩ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে বেলারুশ সরকার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে শান্তিতে নোবেলজয়ী এলেস বিয়ালিয়াটস্কি, বিরোধীদলীয় রাজনীতিবিদ মারিয়া কোলেসনিকোভা, ম্যাক্সিম জ্যাঙ্কসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মী রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনের অন্তত ১১৪ জন বন্দিকেও মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে বেলারুশ প্রশাসন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনো তাকে বেলারুশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জন কোয়ালে বলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।