রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ২ নিহত, ৮ গুরুতর আহত

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ২ নিহত, ৮ গুরুতর আহত

favicon
ভোরের আলো ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন। আরও অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল।


স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম হামলার খবর পায়। পরে জরুরি নম্বর ৯১১-এ ফোন আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি জানান, সন্দেহভাজন হামলাকারী কালো পোশাক পরিহিত ছিলেন এবং পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।


মেয়র স্মাইলি বলেন, “এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে, দুজন নিহত হয়েছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।” হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।


হামলার পর বিকেল ৪টা ২২ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি সতর্কবার্তা জারি করে। এতে বলা হয়, বারুস ও হোলে ইঞ্জিনিয়ারিং এবং ফিজিকস ভবনের আশপাশে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দরজা বন্ধ রাখার, মোবাইল ফোন নীরব করার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।


তবে পুলিশ ওই ভবনগুলোতে তল্লাশি চালিয়েও কোনো বন্দুকধারীর সন্ধান পায়নি। হামলাকারী কিভাবে প্রবেশ ও বের হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারী আটক হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লেও পুলিশ তা নিশ্চিত করেনি, ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।