সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বগ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে তার জনগণই, যুক্তরাষ্ট্রকে বার্তা ন্যাটো মিত্রদের

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে তার জনগণই, যুক্তরাষ্ট্রকে বার্তা ন্যাটো মিত্রদের

favicon
ভোরের আলো ডেস্ক:
গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে তার জনগণই, যুক্তরাষ্ট্রকে বার্তা ন্যাটো মিত্রদের

ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড তার জনগণের অধীন এবং এই আর্কটিক দ্বীপের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কেরই রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের কর্মকর্তারা জাতীয় নিরাপত্তার যুক্তিতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ বারবার প্রকাশ করার প্রেক্ষাপটে এ অবস্থান জানানো হলো।


বিবৃতিতে বলা হয়, ন্যাটো আর্কটিক অঞ্চলকে একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে এবং ইউরোপীয় মিত্ররা সেখানে নিজেদের দায়িত্ব ও উপস্থিতি বাড়াচ্ছে। আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো সদস্যরা সেখানে কার্যক্রম ও বিনিয়োগ জোরদার করেছে, যাতে সম্ভাব্য প্রতিপক্ষকে নিরুৎসাহিত করা যায়।


এতে আরও বলা হয়, গ্রিনল্যান্ডসহ ডেনমার্কের রাজত্ব ন্যাটোর অংশ। তাই আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সমষ্টিগতভাবে, ন্যাটো মিত্রদের—যুক্তরাষ্ট্রসহ—সমন্বয়ের মাধ্যমে। এ ক্ষেত্রে জাতিসংঘ সনদের নীতি অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়, যার মধ্যে রয়েছে সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সীমান্ত পরিবর্তনের অগ্রহণযোগ্যতা। বিবৃতিতে বলা হয়, এসব নীতি সর্বজনীন এবং ন্যাটো এগুলোর সুরক্ষা অব্যাহত রাখবে।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ন্যাটো মিত্র হিসেবে এবং ১৯৫১ সালে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তবে গ্রিনল্যান্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে শুধু গ্রিনল্যান্ড ও ডেনমার্কের কাছেই।


যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।


সূত্র: নিউজউইক