সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক পদক্ষেপে অস্থিরতা, চীনের দীর্ঘদিনের প্রভাব পড়েছে ঝুঁকিতে

ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক পদক্ষেপে অস্থিরতা, চীনের দীর্ঘদিনের প্রভাব পড়েছে ঝুঁকিতে

favicon
ভোরের আলো ডেস্ক:
ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক পদক্ষেপে অস্থিরতা, চীনের দীর্ঘদিনের প্রভাব পড়েছে ঝুঁকিতে

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দক্ষিণ আমেরিকার ভূরাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। কয়েক দশক ধরে গড়ে ওঠা চীন-ভেনেজুয়েলা সম্পর্ক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে মার্কিন বাহিনীর অভিযানের আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেইজিংয়ের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘বড় ভাই’ হিসেবে আখ্যা দেন এবং বিশ্ব নেতৃত্বে তার ভূমিকার প্রশংসা করেন। কিন্তু কয়েক ঘণ্টা পরই মার্কিন অভিযানে আটক হন মাদুরো।

তেলসমৃদ্ধ ভেনেজুয়েলায় চীনের বিপুল বিনিয়োগ রয়েছে। দক্ষিণ আমেরিকায় এটি বেইজিংয়ের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দুই দেশের প্রায় ৬০০টি চুক্তি পর্যালোচনার দৃশ্য প্রচার হলেও অল্প সময়ের ব্যবধানে মার্কিন যুদ্ধজাহাজে চোখ বাঁধা ও হাতকড়া পরা মাদুরোর ছবি বিশ্বজুড়ে আলোড়ন তোলে।

একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে চীনসহ বহু দেশ। বেইজিং অভিযোগ করে, ওয়াশিংটন ‘বিশ্বের বিচারক’ সেজে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। চীন বলেছে, আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা উচিত।

তবে কঠোর প্রতিক্রিয়ার পাশাপাশি চীন এখন হিসাব কষছে—লাতিন আমেরিকায় নিজেদের প্রভাব কীভাবে ধরে রাখা যায় এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে জটিল সম্পর্ক কীভাবে সামাল দেওয়া সম্ভব। বিশ্লেষকদের মতে, এই ঘটনায় যুক্তরাষ্ট্র-চীনের শক্তি প্রতিযোগিতা নতুন ও অপ্রত্যাশিত মোড় নিয়েছে।

অনেকে এটিকে চীনের জন্য কৌশলগত সুযোগ মনে করলেও বেইজিংয়ের সামনে রয়েছে ঝুঁকি ও অনিশ্চয়তা। কারণ আন্তর্জাতিক নিয়ম মেনে ধীরে এগোনোর কৌশলেই এতদিন চীন প্রভাব বিস্তার করছিল, যা ট্রাম্পের পদক্ষেপে ব্যাহত হয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্পের ‘অপ্রত্যাশিত’ সিদ্ধান্তগুলো বেইজিংয়ের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বাণিজ্যযুদ্ধ মোকাবিলার প্রস্তুতি থাকলেও ভেনেজুয়েলা ইস্যুতে চীন পড়েছে ভিন্ন ধরনের সংকটে।

ভেনেজুয়েলার তেল ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান চীনের সন্দেহ আরও বাড়িয়েছে। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বা প্রতিযোগীদের ঘাঁটি গড়তে দেওয়া হবে না।” বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের সুস্পষ্ট বার্তা চীনের উদ্দেশেই।

চীন প্রকাশ্যে সরাসরি প্রতিক্রিয়া না জানালেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে—তাইওয়ান ইস্যুতেও কি বেইজিং ভবিষ্যতে একই ধরনের কড়া পদক্ষেপ নিতে পারে?

উল্লেখ্য, গত বছর ভেনেজুয়েলার প্রায় ৮০ শতাংশ তেল রপ্তানি গেছে চীনে, যা চীনের মোট তেল আমদানির প্রায় ৪ শতাংশ। তবু দেশটিতে চীনা কোম্পানিগুলোর বড় অঙ্কের সম্পদ ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।