সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বভারি তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ: ফ্লাইট বাতিল, প্রাণ গেল ৬ জনের

ভারি তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ: ফ্লাইট বাতিল, প্রাণ গেল ৬ জনের

favicon
ভোরের আলো ডেস্ক:

ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। প্রতিকূল আবহাওয়ায় বিভিন্ন দেশে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সের দুই অঞ্চলে পাঁচজন এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে একজন নারী নিহত হয়েছেন।

তীব্র শীত ও তুষারপাতের প্রভাবে ইউরোপের বিভিন্ন বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্যারিস ও আমস্টারডামের প্রধান বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই ভোগান্তি আরও কয়েকদিন চলতে পারে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফের কারণে দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারান। এছাড়া প্যারিস অঞ্চলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। পুলিশ জানায়, পূর্ব প্যারিসে একটি ভারি পণ্যবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে একজন মারা যান। আরেক ঘটনায়, তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্যাক্সি ফুটপাতে ধাক্কা খেয়ে মার্ন নদীতে পড়ে গেলে একজনের মৃত্যু হয়।

বলকান অঞ্চলেও তুষারপাত ও ভারি বৃষ্টির প্রভাব পড়েছে। বসনিয়ার রাজধানী সারায়েভোতে ভেজা তুষারের ভারে একটি গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ফ্রান্সের পরিবহণমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, মঙ্গলবার রাত ও বুধবার দেশটিতে আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে। তিনি জনগণকে অপ্রয়োজনে সড়কে চলাচল এড়িয়ে যেতে এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার আহ্বান জানান।

ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, বুধবার তুষারপাত ও কালো বরফের ঝুঁকিতে দেশটির ৩৮টি জেলা সতর্কতার আওতায় থাকবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।