ডোনাল্ড ট্রাম্প এর দাবি, যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ‘স্বর্ণযুগ’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে দেশটি ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে বলে দাবি করেছেন। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া এ ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও শক্তিশালী, সমৃদ্ধ ও উন্নত অবস্থানে রয়েছে।
ভাষণে ট্রাম্প তার প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে জানান, দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং সামনে বড় পরিবর্তনের সময় অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের আসন্ন ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গ টেনে তিনি তার শাসনামলকে যুগান্তকারী সময় হিসেবে বর্ণনা করেন।
তবে অর্থনৈতিক উন্নয়নের দাবি করা হলেও সাম্প্রতিক তথ্য অনুযায়ী মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং খাদ্যপণ্য, আবাসন ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খরচ এখনও তুলনামূলক বেশি রয়েছে। ভাষণে অভিবাসন ইস্যুতেও তিনি কঠোর অবস্থান তুলে ধরেন, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।