‘পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেনি ভারত’
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, ভারত এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। বরং পাকিস্তানের অভিযোগ, ভারত নিজেই সীমান্ত অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।
জেনারেল আহমেদ শরীফ আরও বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী এবং সাধারণ জনগণকে লক্ষ্য করে ভারত একটি সুসংগঠিত সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে। এই নেটওয়ার্কে বিস্ফোরক দ্রব্য, আইইডি ও অন্যান্য সরঞ্জাম ভারত থেকে সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। শিগগিরই এসব প্রমাণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ২৫ এপ্রিল পাকিস্তানে ভারতের প্রশিক্ষিত একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে, যার কাছ থেকে একটি আইইডি এবং ভারতের তৈরি একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। ফরেনসিক পরীক্ষায় এসব উপকরণে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, এ বিষয়ে যেকোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা তদন্ত করতে পারে।
উল্লেখ্য, ২২ এপ্রিল ভারতের কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়।