দক্ষিণ সুদানে হাসপাতাল লক্ষ্য করে বোমা হামলা, নিহত অন্তত ৭
দক্ষিণ সুদানের একটি হাসপাতালে চালানো বোমা হামলায় অন্তত ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (এমএসএফ)। বিশ্বের নবীনতম রাষ্ট্রটিতে আবারও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরালো হচ্ছে।
এমএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় ওল্ড ফ্যাংগাক এলাকায় তাদের পরিচালিত হাসপাতালে ‘ইচ্ছাকৃতভাবে’ এই বোমা হামলা চালানো হয়েছে। হামলায় পুরো হাসপাতাল ও সংলগ্ন ওষুধের দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়ে লিখেছে, “বোমা হামলা বন্ধ করুন। বেসামরিক জনগণকে রক্ষা করুন। স্বাস্থ্যসেবা খাতকে সুরক্ষা দিন।” একইসঙ্গে এটিকে আন্তর্জাতিক মানবিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবেও উল্লেখ করেছে এমএসএফ।