ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ৮ জন নিহত, ৩৫ জন আহত
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলেও তিনি বিবিসিকে জানিয়েছেন।
রয়টার্সের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলার ঘটনায় এখনো দুই পাকিস্তানি নিখোঁজ রয়েছেন।
আইএসপিআর-এর মহাপরিচালক জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এই হামলার বদলা নিতে শুরু করেছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।
পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক আরও বলেন, ভারত তাদের আকাশসীমা থেকেই এসব হামলা চালিয়েছে। ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকার সুবহান্নাল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফ্ফরাবাদের অন্তত তিনটি স্থানে হামলা হয়।
তিনি সতর্ক করে বলেন, এই ঘৃণ্য উসকানির জবাব ছাড়া ভারত পার পাবে না। পাকিস্তান এ হামলার উপযুক্ত জবাব দেবে।
লাহোর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মুরিদকে বসবাসরত একটি পরিবার ভারতের এই হামলার পর নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।
হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বিষয়টি এখনও মূল্যায়নের মধ্যে রয়েছে। পরে তিনি জিও নিউজকে জানান, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি শিশু নিহত এবং ১২ জন আহত হয়েছেন। কোটলিতে নিহত হয়েছেন দুই বেসামরিক নাগরিক।