যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করলো পাকিস্তান
পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি—এমন দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি। বরং গত ৬ ও ৭ মে পাকিস্তানে কাপুরুষোচিত হামলা চালানোর পর তারাই (ভারত) মধ্যস্থতার অনুরোধ করেছে।"
তিনি আরও বলেন, “আমরা পরিস্কারভাবে জানিয়ে দিয়েছি, উপযুক্ত জবাব দেয়ার পরই পাকিস্তান যোগাযোগ করবে।”
ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা নাকচ করে দিয়ে মুখপাত্র বলেন, “এই অঞ্চলে ১৬০ কোটিরও বেশি মানুষের জীবন জড়িত, তাই এমন সংঘাতের সুযোগ নেই। পাকিস্তান অত্যন্ত পরিপক্কভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে।”
তিনি জোর দিয়ে বলেন, “আমি সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে ২০০ শতাংশ নিশ্চয়তা দিয়ে বলছি—আমাদের সেনারা নিয়ন্ত্রণ রেখায় (LoC) যুদ্ধবিরতির শর্ত মেনে চলেছে। আমরা পেশাদার সেনাবাহিনী, এবং সরকারের নির্দেশ কঠোরভাবে অনুসরণ করি। শান্তি আমাদের অগ্রাধিকার, তবে যদি আগ্রাসন ঘটে, তার উপযুক্ত জবাব অবশ্যই দেয়া হবে।