শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বপোপ লিও চতুর্দশের শান্তির বার্তা: “আর কোনো যুদ্ধ নয়

পোপ লিও চতুর্দশের শান্তির বার্তা: “আর কোনো যুদ্ধ নয়

favicon
ভোরের আলো ডেস্ক:
পোপ লিও চতুর্দশের শান্তির বার্তা: “আর কোনো যুদ্ধ নয়

নবনির্বাচিত ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বিশ্ব নেতাদের প্রতি শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো মানুষের সামনে দেওয়া ভাষণে তিনি বলেন, "পৃথিবীতে আর কোনো যুদ্ধ নয়।"

পোপ বলেন, "বিশ্বের ক্ষমতাধরদের প্রতি আমি আবারও বলতে চাই—আর কোনো যুদ্ধ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছে ৮০ বছর আগে, অথচ আজ আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খণ্ডচিত্র প্রত্যক্ষ করছি।"

তিনি ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেন, "আমি ইউক্রেনের জনগণের কষ্ট হৃদয়ে অনুভব করছি। যেন দ্রুত একটি প্রকৃত, টেকসই শান্তি প্রতিষ্ঠিত হয়। বন্দিদের মুক্তি দেওয়া হোক এবং শিশুরা যেন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে।"

গাজার পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমি গাজা উপত্যকার মানবিক সংকট দেখে মর্মাহত। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে এবং সকল জিম্মিকে মুক্তি দিতে হবে।"

পোপ ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, "আমি আনন্দিত যে ভারত-পাকিস্তান একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। আশা করি, আসন্ন আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।"

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর দুই দিনের গোপন কনক্লেভ শেষে পোপ লিও চতুর্দশকে ক্যাথলিক চার্চের নতুন নেতা নির্বাচিত করা হয়। তার আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান আগামী ১৮ মে, সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রবার্ট প্রেভোস্ট নামে পরিচিত থাকা অবস্থায় পোপ লিও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে "সাম্রাজ্যবাদী যুদ্ধ" বলে আখ্যায়িত করে মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানিয়েছিলেন।