ট্রাম্পকে ৪০০ মিলিয়ন ডলারের ‘উড়ন্ত রাজপ্রাসাদ’ উপহার দিচ্ছে কাতার
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিলাসবহুল বোয়িং-৭৪৭-৮ জাম্বো জেট উপহার দিতে যাচ্ছে কাতারের রাজপরিবার। আনুমানিক ৪০০ মিলিয়ন ডলার মূল্যের এই উড়োজাহাজটি ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের জন্য বরাদ্দ থাকবে। সোমবার (১২ মে) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ২০২৯ সালে এই জেটটি ট্রাম্প প্রেসিডেনশিয়াল লাইব্রেরি ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে। তবে ট্রাম্প প্রেসিডেন্ট পদ ছাড়ার পরেও এটি ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন।
বোয়িং-৭৪৭-৮ মডেলের এই উড়োজাহাজটি ‘প্যালেস ইন দ্য স্কাই’ বা ‘উড়ন্ত রাজপ্রাসাদ’ নামে পরিচিত। এতে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও অভিজাত সুবিধা।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ট্রাম্প হচ্ছেন মার্কিন ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে এয়ার ফোর্স ওয়ান-এর মতো এক সরকারি মানের বিমান ব্যক্তিগত ব্যবহারের অনুমতি পাচ্ছেন। এই জেটকে মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল উপহার হিসেবেও ধরা হচ্ছে।