১৯৭১-এর হিসাব এখন চুকেছে!’ — মোদিকে তীব্র আক্রমণ শেহবাজের
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’-এর সাফল্যকে ভারতের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিশোধ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, “মাত্র কয়েক ঘণ্টার অভিযানে ভারতীয় সেনাবাহিনীকে নাস্তানাবুদ করেছে পাকিস্তান। এটাই ১৯৭১ সালের যুদ্ধের প্রকৃত জবাব।”
বুধবার (১৪ মে) এই অভিযানে অংশ নেওয়া সেনাদের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে শেহবাজ শরিফ এই মন্তব্য করেন। উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং তিন বাহিনীর প্রধানরা।
শেহবাজ বলেন, “এই জয় ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। পাকিস্তানের প্রতিরক্ষাবাহিনী ভারতীয় আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিয়েছে।” তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে বলেন, “আপনার আগ্রাসী বক্তৃতা আর সন্ত্রাসীদের গোপন সমর্থন বিশ্ব জানে। ১৯৭১ সালে যেমন মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলেন, এখন তেমনই বিএলএ ও টিটিপিকে সাহায্য করছেন।”
তিনি ভারতীয় হুমকির জবাবে বলেন, “যদি পানি বন্ধ করার চিন্তা করেন, তবে জেনে রাখুন, পানি ও রক্ত একসাথে বইতে পারে না।”
প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে ২৬ জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করে ‘অপারেশন সিন্দুর’ চালায়। এর জবাবে পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’, যার মাধ্যমে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। চার দিনের উত্তেজনার পর গত ৯ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।