যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরিতে টর্নেডোর তাণ্ডব, নিহত অন্তত ২৫
যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে বহু মানুষ আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
শনিবার (১৭ মে) স্থানীয় সময় ভোরে কেন্টাকির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লরেল কাউন্টিতে ভয়াবহ টর্নেডো আঘাত হানে। এতে রাজ্যটিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, মিসৌরির সেন্ট লুসিয়া শহরে ৫ জনসহ মোট ৭ জন নিহত হয়েছেন।
ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎবিচ্ছিন্ন লাখো মানুষ
মিসৌরি রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, টর্নেডোতে প্রায় ৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুলসংখ্যক বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। এতে কেন্টাকি ও মিসৌরিতে প্রায় ১ লাখ ৪০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উদ্ধার অভিযান চলছে
ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চলছে। সেন্ট লুইসের স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকারীরা প্রতিটি বাড়ি ঘুরে তল্লাশি চালাচ্ছে এবং আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে টর্নেডো ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বেড়ে গেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।