শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিশ্বআইএসআইয়ের হয়ে কাজ, উত্তর প্রদেশে এক ব্যবসায়ী আটক

আইএসআইয়ের হয়ে কাজ, উত্তর প্রদেশে এক ব্যবসায়ী আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
আইএসআইয়ের হয়ে কাজ, উত্তর প্রদেশে এক ব্যবসায়ী আটক
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ব্যবসায়ী। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলার এক ব্যবসায়ী শাহজাদকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ মে) উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, শাহজাদকে মোরাদাবাদ এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানে যাতায়াত করেছেন এবং চোরাচালানের আড়ালে আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছিলেন। কসমেটিকস, কাপড়, মসলা ও অন্যান্য পণ্যের অবৈধ বাণিজ্যের আড়ালে তিনি এই কার্যক্রম চালান।

এসটিএফের তথ্যমতে, শাহজাদ ভারতের জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচার করতেন এবং আইএসআই এজেন্টদের কাছে ভারতীয় সিম কার্ড ও অর্থ সরবরাহ করতেন। তিনি উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকেও পাকিস্তানে পাঠাতেন আইএসআই-এর হয়ে কাজ করার জন্য।

এসটিএফ আরও জানায়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টরাই এসব লোকের ভিসা জোগাড় করে দিত।

এছাড়া সম্প্রতি, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের হরিয়ানার এক ইউটিউবার জ্যোতি মালহোত্রাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে আরও ছয়জনকে আটক করা হয়েছে। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তাদের বিরুদ্ধে পাকিস্তানি এজেন্টদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।