ফের আগ্রাসন: গাজায় ইসরাইলের হামলায় নিহত শতাধিক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে। গত রোববার (১৮ মে) দিনভর চালানো অভিযানে নিহত হয়েছেন অন্তত ১৫১ জন ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার (১৯ মে) চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
চিকিৎসা সূত্র জানায়, নিহতদের মধ্যে প্রায় ৭০ জনই গাজার উত্তরাঞ্চল ও গাজা সিটির বাসিন্দা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২০ হাজার।
এর আগে গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, তা বেশিদিন স্থায়ী হয়নি। ১৮ মার্চ থেকে নতুন করে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। দ্বিতীয় দফার এ হামলায় দুই মাসের মধ্যে আরও ৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৮ হাজার।
হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধারের অজুহাতে ইসরাইল গাজায় আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো অন্তত ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন।
ইতোমধ্যে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলাও হয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান বন্ধ হবে না।