ভারতের হুমকির জবাবে পাকিস্তানের পানিসুরক্ষা জোরদারে মোহমান্দ বাঁধ নির্মাণে গতি আনছে চীন
ভারতের পানি সরবরাহ বন্ধের হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের পানির নিরাপত্তা নিশ্চিত করতে মোহমান্দ বাঁধ নির্মাণে গতি বাড়িয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের সাম্প্রতিক ঘটনার পর ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়। এরপরই চীন এই পদক্ষেপ গ্রহণ করে, যা অনেকটা ভারতের প্রতি প্রতিক্রিয়ামূলক অবস্থান হিসেবে দেখা হচ্ছে।
২০১৯ সাল থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহমান্দ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছে চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন বাঁধের কংক্রিট ভরাটের কাজ শুরু করেছে, যাতে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পটি সম্পন্ন করা যায়।
মোহমান্দ বাঁধ একটি বহুমুখী প্রকল্প—যার লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ এবং শহরে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা। এই প্রকল্প সম্পন্ন হলে এটি ৮০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে এবং প্রতিদিন ৩০ কোটি গ্যালন পানি সরবরাহ করবে পেশোয়ার শহরে।
চীন ও পাকিস্তান যৌথভাবে একাধিক উন্নয়ন প্রকল্পে কাজ করছে, যার মধ্যে রয়েছে শিল্প, কৃষি এবং জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন উদ্যোগ। এসব প্রকল্পের বড় একটি অংশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC)-এর আওতাভুক্ত।
এছাড়া দিয়ামার-ভাশা বাঁধ প্রকল্প, যেটি পাকিস্তানের থ্রি গর্জেস প্রকল্প হিসেবে পরিচিত, চীন-পাকিস্তান সহযোগিতার অন্যতম বৃহৎ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।