ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা, তদন্তে মার্কিন কর্তৃপক্ষ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ মে), ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে এই হামলার ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম হামলাটিকে ‘অর্থহীন হত্যা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং যত দ্রুত সম্ভব তথ্য শেয়ার করব। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করছি। এই বিকৃত অপরাধীকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।”
ঘটনার সময় জাদুঘরটিতে একটি অনুষ্ঠান চলছিল, যা আয়োজন করেছিল আমেরিকান ইহুদি কমিটি। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, “অনুষ্ঠানস্থলের বাইরে এক অকথ্য সহিংসতা ঘটেছে, আমরা হতবাক।” তারা আরও জানায়, “আমরা এখন পুলিশের কাছ থেকে আরও তথ্যের অপেক্ষায় আছি এবং আমাদের মনোযোগ এখন ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি।”
মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং জানান, তিনি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।
ওয়াশিংটন ডিসির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই এলাকায় সাধারণ মানুষকে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনাটি তদন্তাধীন, তবে এখনো হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।