বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › স্বাস্থ্য › ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পার

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পার

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পার

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮১ জনে।

একই সময়ে নতুন করে আরও ১,৯৯৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে এ বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০,৩৫৬ জনে পৌঁছেছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু রেকর্ড করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সারাদেশে ডেঙ্গু থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৪,২৯৯ জন রোগী, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৯৬৪ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। তবে অক্টোবর মাসের মাত্র প্রথম ৬ দিনেই ৩৬ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যা পরিস্থিতি আরও ঘনীভূত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।