জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) অবকাঠামো ও চিকিৎসাসেবার মান উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই এ উন্নয়নকাজের জন্য দরপত্র আহ্বান করা হবে।
সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং ব্যবস্থা, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকেরা নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করছেন। চিকিৎসকেরা যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি রোগীদের সঙ্গে আরও ভালো, মানবিক ও সহনশীল আচরণ করার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সদিচ্ছা সরকারের রয়েছে। চিকিৎসাসেবার উন্নয়নে যত অর্থের প্রয়োজন হবে, তা দেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক।
৫০ কোটি টাকার এ বরাদ্দের মাধ্যমে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।