গত ১৭ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য খাত: স্বাস্থ্যমন্ত্রী
গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সব মন্ত্রণালয়ের বাজেটের অর্থ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তাঁর দাবি, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের স্বাস্থ্য খাত।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসাসেবার মান ও হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
হাসপাতালে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে দুই নার্সকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার ২৫ হাজার মিডওয়াইফ ও আড়াই হাজার নার্স নিয়োগ দিয়েছে। ইতোমধ্যে পাঁচ শতাধিক চিকিৎসকও কাজে যোগ দিয়েছেন। স্বাস্থ্য খাতের জনবলসংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।