প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
দেশের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একই সঙ্গে নতুন দুই তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাঁদের নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁদের এসব পদে নিয়োগ দিয়েছেন।
এতে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে।