২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১২২
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২২ জনে।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মোট মৃতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে এক হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে। একই সময়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৯৫ হাজার ১৯৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা এবং নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদফতর।