ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১ জন
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৬৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, রংপুর বিভাগে ৯৩ জন এবং সিলেট বিভাগে ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।