দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান হাসনাতের
আসন্ন শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ভিন্ন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, শত শত কোটি টাকা ব্যয় করে আওয়ামী লীগ দেশের মাদরাসা শিক্ষা ও আলেম-ওলামাদের উগ্রবাদী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এ ধরনের বক্তব্য যে মিথ্যা, তা প্রমাণ করতে হলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আসন্ন দুর্গাপূজায় সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
কওমি সনদের কার্যকারিতা নিশ্চিতের আহ্বান
অনুষ্ঠানে কওমি মাদরাসার শিক্ষা সনদের কার্যকারিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, রাষ্ট্রের মূলধারার বিভিন্ন পেশায় প্রবেশের জন্য যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়, সেগুলোতে অংশগ্রহণের সুযোগ কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্যও নিশ্চিত করতে হবে।
জাতীয় পর্যায়ে আলেম-ওলামাদের যথাযথ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় ফাউন্টেন প্রকাশনীর ১৮টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।