রবিবার , ১১ অক্টোবর ২০২৬
রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে এলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাঁর অভিযোগ, বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।


শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।


শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে মানুষ নির্যাতন, হামলা-মামলা ও গুমের মতো ঘটনার সাক্ষী হয়েছে। ছাত্র-জনতা স্বৈরাচারকে পরাজিত করার পর দেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।


তিনি বলেন, বিরোধী দলের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা পালন করা। কিন্তু তারা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং এর সুযোগে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসে, তাহলে এর দায় তাদের নিতে হবে।


বিদ্যুৎ খাত নিয়ে সরকারের অবস্থান


বক্তব্যে দেশের বিদ্যুৎ খাত নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।


শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।


নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান


বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, দলের মধ্যে যেন কোনো স্বৈরাচারী শক্তি প্রবেশ করে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।


তিনি আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাদের আড়াল করতে বা অপমান করতে চায়, তাদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে।


বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


এ সময় বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।