রবিবার , ১১ অক্টোবর ২০২৬
রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ঠিক আগমুহূর্তে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।


পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। রাজধানীর মতিঝিল ও মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। একপর্যায়ে মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনেও অবস্থান নেন পরীক্ষার্থীরা।


অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের কিছু অংশের মিল পাওয়া গেছে বলে জানিয়েছে অধিদপ্তর। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


অধিদপ্তরের ২৪২টি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষাটি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্তের তথ্য এখনো জানানো হয়নি।